মিউজিক্যাল ফ্যামিলিতে Learning Pyramid কেন এত গুরুত্বপূর্ণ

 Learning Music Together: The Fantasia Way


আমাদের ফ্যান্টাসিয়া পরিবারটা আসলে শুধু একটা StarMaker family না। এটা একটা চলন্ত শেখার জায়গা। এখানে আছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে চাকরিজীবী, প্রবাসী, গৃহিণী; নানা বয়স, নানা ব্যাকগ্রাউন্ড, নানা ধরনের গলার মানুষ। কেউ বহুদিন ধরে গান করছেন, কেউ আবার এই পরিবারে এসে প্রথম লাইভে বা পার্টি রুমে গাওয়া শুরু করেছেন। এই ভিন্নতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।

কিন্তু প্রশ্ন হলো- এত মানুষের ভিড়ে আমরা কীভাবে সত্যিকার অর্থে শিখবো?
এখানেই “Learning Pyramid” ধারণাটা খুব সুন্দরভাবে মিলে যায় আমাদের পরিবারের সাথে।

এই তত্ত্ব অনুযায়ী মানুষ সবচেয়ে কম শেখে শুধু পড়ে বা শুনে। একটু বেশি শেখে দেখে। তার চেয়েও বেশি শেখে যখন আলোচনা করে। আর সবচেয়ে বেশি শেখে তখনই, যখন নিজে কিছু করে এবং অন্যকে শেখায়।

গানের ক্ষেত্রে “Learning Pyramid”-এর মানে কী?

ধরুন, আপনি সারাদিন ভালো ভালো শিল্পীর গান শুনলেন; মন ভালো হবে, অনুপ্রেরণা পাবেন, কিন্তু গলা নিজে নিজে ঠিক হবে না।

ইউটিউবে গান শেখার ভিডিও দেখলেন; বুঝবেন, কিন্তু কণ্ঠে বসবে তখনই, যখন নিজে চেষ্টা করবেন।

বন্ধুদের সাথে আলোচনা করলেন; “এই গানটা কীভাবে করলে ভালো হয়?”, “এই জায়গায় শ্বাসটা কেমন হওয়া উচিত?” - তখন মাথায় ঢুকতে শুরু করবে।

আর যখন আপনি পার্টি রুমে উঠে গান গাইলেন, ‘গান শুনে যান’-এর মতো অনুষ্ঠানে অংশ নিলেন, ভয় কাটালেন, ভুল করলেন, আবার ঠিক করলেন, ফিডব্যাক নিলেন; ঠিক তখনই শেখাটা ভেতরে ঢুকে যায়।

ফ্যান্টাসিয়া পরিবারে আমরা এগুলোর সব সুযোগ পাই।
এখানে শুধু গান শোনা হয় না;
এখানে গান নিয়ে কথা হয়,
এখানে প্রোগ্রাম হয়,
এখানে নতুনদের সুযোগ দেওয়া হয়,
এখানে উপস্থাপনা শেখা হয়,
এখানে একে অপরকে গাইড করা হয়।

এই জায়গাগুলোই Learning Pyramid-এর সবচেয়ে শক্তিশালী ধাপ; করে শেখা, আর শেখাতে শেখা।

আমাদের পরিবারের বাস্তব উদাহরণ
অনেকে আছেন, যারা আগে কখনো পার্টি রুমে গান গাইতেন না। ফ্যান্টাসিয়াতে এসে প্রথম ভয়টা কাটিয়েছে। আজ তারা নিয়মিত লাইভে বা পার্টি রুমে গান করেন। অনেকে আছেন, যারা আগে শুধু একা একা গান শুধু মাত্র রেকর্ড করে রাখতেন । এখন তারা গান নিয়ে কথা বলেন, অন্যের গান শুনে সাজেশন দেন, নিজেরাও সাজেশন নেন।

বিশেষত, ‘গান শুনে যান’ অনুষ্ঠানে যারা পারফর্ম করেছেন বা উপস্থাপনা করেছেন, তারা সবাই জানেন; একটা প্রোগ্রাম আপনাকে এক মাসের চর্চার থেকেও বেশি শেখায়। কারণ তখন আপনি শুধু শুনছেন না, আপনি দায়িত্ব নিচ্ছেন, নিজেকে তুলে ধরছেন, অন্যদের সামনে দাঁড়াচ্ছেন।

ফ্যান্টাসিয়া পরিবারে গান বিষয়ক আলোচনা কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ?

আমরা গল্প করবো, হাসবো, আড্ডা দেবো; এগুলো দরকার। কিন্তু মিউজিক্যাল পরিবার হিসেবে পরিবারের ভেতরে সবচেয়ে দামি আলোচনা হওয়া উচিত গান নিয়ে।

কে কোন গান শিখছে? কীভাবে শিখছে?
কোন স্কেলটা তার জন্য আরামদায়ক? কোন অংশে সমস্যা হচ্ছে?
কোনো সহজ টেকনিক আছে কিনা? কোন অ্যাপ, কোন ভিডিও, কোন ওয়ার্ম-আপ কাজে দিচ্ছে?

এই প্রশ্নগুলো যখন ঘুরে বেড়াবে আমাদের রুমে রুমে, তখন পরিবারটা সত্যিকার অর্থে মিউজিক্যাল ফ্যামিলি হবে।

শুধু দেখা নয়, সামনে আসা জরুরি
অনেকেই ভাবেন, “আরও ভালো হলে উঠবো”, “আরেকটু প্র্যাকটিস করে নেই।” কিন্তু সত্যটা হলো; উঠতে উঠতেই ভালো হওয়া যায়। তাই পরিবারের প্রতিটা অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। গান হোক, উপস্থাপনা হোক, বা সাপোর্ট টিম; নিজেকে তুলে ধরুন। এই জায়গাটা ব্যবহার করুন শেখার জন্য, শেখানোর জন্য, ভুল করার জন্য, আবার ঠিক করার জন্য।

কারণ Learning Pyramid এর অন্যতম জোরালো কথা হলোঃ

  • সবচেয়ে ভালো শেখা হয়, যখন আমরা নিজেরা করি।
  • আর সবচেয়ে গভীর শেখা হয়, যখন আমরা অন্যকে শেখাই।

ফ্যান্টাসিয়া পরিবার আমাদের নিজের জায়গা। এখানে পারফেক্ট হওয়ার শর্ত নেই তবে পারফেক্ট হওয়ার জন্য এখানে শেখার ইচ্ছাটাই আসল। চলুন, আমরা শুধু Listener না হয়ে Learner হই। শুধু গায়ক না হয়ে একে অপরের Guide হই। এই পরিবারটাকে ব্যবহার করি গান শেখার সবচেয়ে সুন্দর স্কুল হিসেবে।

গান শোনা → গাইতে দেখা → গান নিয়ে আলোচনা → গান করা → গান শেখানো
এই পথেই ফ্যান্টাসিয়া পরিবার সামনে এগিয়ে যাবে।





Post a Comment

Previous Post Next Post