[Notice] ফ্যান্টাসিয়ার নতুন অধ্যায়

[Notice] ফ্যান্টাসিয়ার নতুন অধ্যায়


নতুন নেতৃত্ব, নতুন যাত্রা, একই পরিবার


প্রিয় ফ্যান্টাসিয়া পরিবার,

আজকের এই লেখাটি আমার জন্য যেমন আবেগের, তেমনি ফ্যান্টাসিয়া পরিবারের ইতিহাসেও এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

প্রথমেই সবাইকে আশ্বস্ত করতে চাই; ফ্যান্টাসিয়া বন্ধ হচ্ছে না, আমি স্টারমেকার ছেড়ে যাচ্ছি না, এবং আমি অন্য কোনো পরিবারেও যোগ দিচ্ছি না। বরং আমরা একটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছি।

প্রায় পাঁচ বছরের পথচলা
২০২১ সালের আগস্ট মাসে ফ্যান্টাসিয়ার যাত্রা শুরু হয়েছিল। তখন আমরা কেউই ভাবিনি, এই ছোট্ট পরিবার একদিন এত মানুষের ভালোবাসা পাবে।

আজ পর্যন্ত ১৭৩ জনেরও বেশি সদস্য কোনো না কোনো সময়ে ফ্যান্টাসিয়া পরিবারের অংশ হয়েছেন। বর্তমানে প্রায় ১০৪ জন সদস্য, কো-ক্যাপ্টেন, অ্যাডমিন এবং শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আমাদের পথচলা চলছে। এই কয়েক বছরে আমরা একসাথে;

২৪টিরও বেশি "গান শুনে যান" আয়োজন করেছি
২৪টি "সুরের সাতকাহন" আয়োজন করেছি
নিজস্ব ওয়েবসাইট তৈরি করেছি
Radio Fantasia চালু করেছি
ফ্যান্টাসিয়ার YouTube Channel তৈরি করেছি
ফ্যান্টাসিয়ার WhatsApp Channel তৈরি করেছি
বিভিন্ন সংগীত প্রতিযোগিতা আয়োজন করেছি
শিল্পীদের পরিচিতি ও বিকাশের সুযোগ সৃষ্টি করেছি
নতুন শিল্পীদের উৎসাহ ও প্রশিক্ষণ দিয়েছি

একটি সংগঠিত, শান্তিপূর্ণ ও সম্মানজনক মিউজিক কমিউনিটি গড়ে তুলেছি
ফ্যান্টাসিয়ার সবচেয়ে বড় অর্জন হয়তো কোনো অনুষ্ঠান নয়, কোনো পদ নয়, কোনো সংখ্যা নয় আমাদের সবচেয়ে বড় অর্জন হলো; আমরা মানুষকে একত্রিত করতে পেরেছি।
কেন এই পরিবর্তনের প্রয়োজন হলো?
গত প্রায় পাঁচ বছর ধরে আমি ফ্যান্টাসিয়ার ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছি। এই সময়ে আমি আনন্দের সাথে অসংখ্য কাজ করেছি। অনুষ্ঠান আয়োজন, ওয়েবসাইট আপডেট, রেডিও পরিচালনা, পোস্টার ডিজাইন, সদস্য ব্যবস্থাপনা, বিভিন্ন পরিকল্পনা, নতুন আইডিয়া বাস্তবায়ন; সবকিছুই আমি ভালোবেসে করেছি।
কিন্তু সময়ের সাথে সাথে বাস্তব জীবনের দায়িত্বও বেড়েছে। কাজ, পরিবার, ব্যক্তিগত উন্নয়ন, সামাজিক ও কমিউনিটি কার্যক্রম; সবকিছুর মধ্যে আগের মতো সময় দেওয়া আমার জন্য ক্রমশ কঠিন হয়ে উঠছে। একটা সময় আমি উপলব্ধি করি, ফ্যান্টাসিয়া এমন একজন নেতৃত্বের প্রাপ্য, যিনি পরিবারকে প্রয়োজনীয় সময় ও মনোযোগ দিতে পারবেন।
আমি কী কী বিকল্প নিয়ে ভেবেছিলাম?
প্রথমে আমি দুটি সম্ভাবনা নিয়ে চিন্তা করেছিলাম। প্রথমটি ছিল ফ্যান্টাসিয়াকে তার পঞ্চম বর্ষপূর্তিতে সম্মানজনকভাবে সমাপ্ত (Dismiss) করা ।

দ্বিতীয়টি ছিল নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব ও মালিকানা হস্তান্তর করা। এই বিষয়টি যখন কো-ক্যাপ্টেন ও অ্যাডমিনদের সাথে আলোচনা করা হয়, তখন প্রায় সবাই প্রথম বিকল্পের বিরোধিতা করেন। সবাই স্পষ্টভাবে জানিয়েছেন যে ফ্যান্টাসিয়াকে চলতে হবে, স্বগর্বে।

পরবর্তীতে আমিও উপলব্ধি করি, ফ্যান্টাসিয়াকে শেষ করার চেয়ে নতুন নেতৃত্ব তৈরি করাই অধিক দায়িত্বশীল এবং দীর্ঘমেয়াদী সমাধান।

নতুন ক্যাপ্টেন নির্বাচনের প্রক্রিয়া
এরপর আমি আমাদের কো-ক্যাপ্টেনদের কাছে জানতে চাই, তাদের মতে ভবিষ্যতে কে এই দায়িত্ব নিতে পারেন। আমি কাউকে মনোনয়ন দিইনি। আমি কাউকে প্রস্তাবও দিইনি। প্রত্যেককে স্বাধীনভাবে মতামত দিতে বলেছিলাম। চাইলে নিজের নামও প্রস্তাব করার সুযোগ ছিল।

পরে আরো কিছু অ্যাডমিন ও কিছু সাধারণ সদস্যদের সাথে আলোচনা এবং মতামত গ্রহণের পর একটি নাম সবচেয়ে বেশি সমর্থন পায়। সেই নামটি হলো, নদী।
কেন নদী?
নদী এই সপ্তাহে ফ্যান্টাসিয়া পরিবারে তার এক বছর পূর্ণ করবেন। অল্প সময়ের মধ্যেই তিনি অসংখ্য সদস্যের আস্থা, ভালোবাসা এবং সম্মান অর্জন করেছেন। তার মধ্যে আমি যে গুণগুলো দেখেছি- দায়িত্ববোধ, ধৈর্য, মানুষের কথা মন দিয়ে শোনার মানসিকতা, যোগাযোগ দক্ষতা, দলকে একসাথে রাখার সক্ষমতা, পরিশ্রম করার মানসিক শক্তি, শেখার আগ্রহ, ইতিবাচক মনোভাব।

একজন ক্যাপ্টেনের জন্য এই গুণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একটি বিষয় পরিষ্কারভাবে জানানো প্রয়োজন
আমি চাই না কেউ ভুল বুঝুন। নদী কখনো এই পদ দাবি করেননি। তিনি কখনো ক্যাপ্টেন হওয়ার জন্য প্রচারণাও করেননি। বরং দায়িত্বের ব্যাপকতা বিবেচনা করে শুরুতে তিনি নিজেই কিছুটা দ্বিধায় ছিলেন। তবে কো-ক্যাপ্টেনদের মতামত, নেতৃত্ব দলের সমর্থন এবং ফ্যান্টাসিয়ার ভবিষ্যতের কথা বিবেচনা করে, আমার অনুরোধে তিনি এই দায়িত্ব গ্রহণে সম্মতি দিয়েছেন। অর্থাৎ এটি কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। এটি একটি দলগত সিদ্ধান্ত। অন্যান্য কো-ক্যাপ্টেনরাও ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা রাখলেও ভোটে নদী এগিয়েছেন।

দায়িত্ব হস্তান্তরের সময়কাল
আজ শুক্রবার (জুন ১২) থেকে নদীকে আনুষ্ঠানিকভাবে Fantasia Family-এর Incoming Captain হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হলো। শুক্রবার (জুন ১২) থেকে ১লা আগস্ট পর্যন্ত আমি তার সাথে কাজ করবো এবং ধীরে ধীরে পরিবারের বিভিন্ন দায়িত্ব, কার্যপ্রণালী, নীতিমালা, পরিকল্পনা এবং অভিজ্ঞতা তার কাছে হস্তান্তর করবো। এই সময়টাকে আমরা Transition Period হিসেবে বিবেচনা করছি। আমার সাথে উপদেষ্টামণ্ডলীরাও সহায়তা করবেন।
১লা আগস্ট থেকে নদী আনুষ্ঠানিকভাবে Fantasia Family-এর Captain হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

আমি কি ফ্যান্টাসিয়া ছেড়ে যাচ্ছি?
না। একেবারেই না। আমি স্টারমেকার ছেড়ে যাচ্ছি না। আমি ফ্যান্টাসিয়া ছেড়ে যাচ্ছি না। আমি অন্য কোনো পরিবারেও যাচ্ছি না। আমি ফ্যান্টাসিয়ারই একজন সদস্য হিসেবে থাকবো। তবে ক্যাপ্টেন হিসেবে নয়। একজন সাধারণ সদস্য, বন্ধু এবং প্রয়োজনে উপদেষ্টা হিসেবে।

উপদেষ্টা পরিষদ (Advisory Board)
১লা আগস্ট থেকে ফ্যান্টাসিয়ায় একটি উপদেষ্টা পরিষদ থাকবে। এই পরিষদে থাকবেন;
আমি Bengali71, মিশান, মৌলি, বহ্নি, ফরাজী, অদিতি, নীরা আপু।
তবে একটি বিষয় খুব পরিষ্কারভাবে জানানো প্রয়োজন। উপদেষ্টারা কোনো প্রশাসনিক দায়িত্ব পালন করবেন না। উপদেষ্টারা কোনো অনুষ্ঠান পরিচালনা করবেন না। উপদেষ্টারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। উপদেষ্টারা কোনো বিষয়ে নিজ থেকে হস্তক্ষেপ করবেন না। যদি এবং কেবলমাত্র যদি ক্যাপ্টেন নদী (বা তার বর্তমান নেতৃত্ব দলের পক্ষ থেকে) কোনো বিষয়ে মতামত বা সহায়তা চান, তাহলেই তারা সাহায্য করবেন। অর্থাৎ ১লা আগস্টের পর ফ্যান্টাসিয়ার সকল সিদ্ধান্ত, পরিকল্পনা এবং প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণভাবে বর্তমান ক্যাপ্টেন এবং তার নেতৃত্ব দলের হাতে থাকবে। আমরা চাই না নতুন নেতৃত্ব সবসময় পুরোনো নেতৃত্বের ছায়ায় কাজ করুক। আমরা চাই নদী নিজের মতো করে নেতৃত্ব দিক, নিজের টিম তৈরি করুক এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাক।

পর্যবেক্ষণকাল (Observation Period)
১লা আগস্ট থেকে পরবর্তী ৪ মাস ফ্যান্টাসিয়া একটি পর্যবেক্ষণকালে থাকবে। এই সময়ে নতুন নেতৃত্বের অধীনে পরিবারের সামগ্রিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। এর মধ্যে থাকবে;
সদস্যদের অংশগ্রহণ
অনুষ্ঠান আয়োজন
প্রশাসনিক কার্যক্রম
পারিবারিক পরিবেশ
সংগীতচর্চা ও কার্যক্রম।
বরং নিশ্চিত হওয়ার জন্য যে ফ্যান্টাসিয়া তার গুণগত মান ও মূল্যবোধ ধরে রাখতে পারছে। তবে বাস্তবতা হলো; যদি ভবিষ্যতে কোনো কারণে ফ্যান্টাসিয়ার মৌলিক মান, পরিবেশ এবং পরিচিতি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেটি পুনরুদ্ধারের বাস্তবসম্মত কোনো পথ খুঁজে না পাওয়া যায়, তাহলে পরিবারকে সম্মানজনকভাবে সমাপ্ত করার বিষয়টিও ভবিষ্যতে বিবেচনায় আসতে পারে।


তবে এটি বর্তমানের কোনো সিদ্ধান্ত নয়। বর্তমান সিদ্ধান্ত হলো; ফ্যান্টাসিয়াকে নতুন নেতৃত্বের হাতে এগিয়ে যাওয়ার পূর্ণ সুযোগ দেওয়া।

নদীর জন্য কি কাজ কঠিন হবে?
আমার ব্যক্তিগত বিশ্বাস; না। কারণ ফ্যান্টাসিয়ার সবচেয়ে বড় শক্তি কোনো একজন ব্যক্তি নয়।
ফ্যান্টাসিয়ার সবচেয়ে বড় শক্তি হলো এর মানুষ এবং এর সিস্টেম।
গত কয়েক বছরে পরিবারের প্রায় সব গুরুত্বপূর্ণ কার্যপ্রণালী, নীতিমালা, দায়িত্ব বণ্টন এবং অনুষ্ঠান আয়োজনের ধাপ লিখিত আকারে সংরক্ষণ করা হয়েছে।

ফলে নতুন করে সবকিছু আবিষ্কার করার তেমন হয়ত প্রয়োজন হবে না। নদীর পাশে থাকবে আমাদের কো-ক্যাপ্টেন টিম। পাশে থাকবে অ্যাডমিন টিম। পাশে থাকবে সদস্যরা।
আর প্রয়োজন হলে উপদেষ্টারাও থাকবেন। তাই আমি বিশ্বাস করি, আমরা সবাই একসাথে থাকলে ফ্যান্টাসিয়ার আগামী অধ্যায়ও সফল হবে।

শেষ কথা
ফ্যান্টাসিয়া কখনো একজন মানুষের পরিবার ছিল না। এটা সবসময় আমাদের সবার পরিবার ছিল। আজ আমরা আরেকটি নতুন অধ্যায়ে প্রবেশ করছি। আমি আন্তরিকভাবে অনুরোধ করবো, আপনারা সবাই নদীর পাশে থাকুন, যেমন এতদিন আমার পাশে ছিলেন। তাকে সময় দিন। তাকে সহযোগিতা করুন। তাকে ভুল করার সুযোগ দিন। কারণ প্রত্যেক নতুন নেতৃত্বই সময় নিয়ে তৈরি হয়। আমার বিশ্বাস, আপনাদের ভালোবাসা, সমর্থন এবং সহযোগিতা থাকলে নদী সফল হবেন এবং ফ্যান্টাসিয়া আরও সুন্দরভাবে এগিয়ে যাবে।

চলুন, আমরা সবাই মিলে ফ্যান্টাসিয়ার আগামী পাঁচ বছরকে আরও সমৃদ্ধ, আরও সংগঠিত এবং আরও সুরেলা করে তুলি।

ভালোবাসা ও কৃতজ্ঞতা সহ,


Bengali71
Founder, Fantasia Family


Post a Comment

Previous Post Next Post